হারুকি মুরাকামির গল্প: কাহো
জাপানি থেকে ইংরেজি ভাষান্তর করেছেন: ফিলিপ গ্যাব্রিয়েল বাংলায় ভাষান্তর: নাহার তৃণা “ জী বনে অনেক ধরনের নারীর সাথে আমি সাক্ষাৎ করেছি,” লোকটি বলল, “কিন্তু আপনার মতো এমন কদাকার কাউকে কখনো দেখিনি।” কথাটি তখন বলা হয় যখন তারা ডেজার্ট খাওয়ার পর, কফি আসার অপেক্ষায় বসেছিল। কী বলা হলো সেটা পুরোপুরি বুঝে উঠতে কিছুটা সময় লেগেছিল কাহোর। তিন বা চার সেকেন্ডের মতো। কথাগুলো বলা হয়েছিল একেবারে অপ্রত্যাশিতভাবে, এবং কাহো বুঝতে পারছিল না, এমন আচরণের পেছনে লোকটির উদ্দেশ্য কী। যখন সে সপাটে, হতভম্ব করার মতো কথাগুলো বলছিল, তখন তার মুখে লেপ্টে ছিল মৃদু, এবং বন্ধুত্বপূর্ণ হাসি। রসিকতার কোনো ছিটেফোঁটা সেখানে ছিল না। সে মোটেও ঠাট্টা করেনি; বরং, তাকে বেশ ভাবগম্ভীর দেখাচ্ছিল। ওরকম কথার অভিঘাতে কাহোর প্রতিক্রিয়া দেখানোর একমাত্র উপায় হতে পারতো, তার কোলের ওপর থাকা রুমালটি টেবিলে ছুঁড়ে ফেলে, পাশের চেয়ারে রাখা তার ব্যাগটি তুলে নেওয়া, উঠে দাঁড়ানো এবং একটিও বাক্য ব্যয় না বলে রেস্তোরাঁ ছেড়ে চলে যাওয়া। সম্ভবত, ওটাই হতো ওরকম পরিস্থিতি সামলানোর সেরা উপায়। কিন্তু কোনো এক অজানা কারণে কাহো তা করে উঠতে পারলো না। এর এক...